ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বাংলাদেশকে এক কোটি ডলার সাহায্য দেবে ভারত।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামে ভূমিধসে মৃত্যু ও সম্পদ বিনষ্ট হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
জবাবে প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষ ও সরকারের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২২১৪ ঘ.
bdnews24