সাভার, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে মঙ্গলবার তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুজন আত্মহত্যা করেছেন এবং অপর ব্যক্তি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা নাসিরউদ্দিন জানায়, লাশ তিনটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোয় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার অ্যাসেড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক গাজি আব্দুল হাকিমের ছেলে গাজী শাবিউল্লাহ মনির (২০) এর ঝুলন্ত লাশ তার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে সে আত্মহত্যা করেছে বলে পরিবার জানায়।
বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর এলাকার একটি খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান পলিমাস ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের শ্রমিক মিরাজ হোসেন (২৮) কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।
মিরাজ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গলদাপাড়া এলাকায় আবদুল আওয়ালের ছেলে।
অপরদিকে বিকাল ৪টার দিকে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় ফেরদৌস কাজী (২৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবার জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24