২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে খাগড়াছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান খানকে সোমবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিদেশি মদের বোতল, নগদ ৭৯ হাজার টাকা, ৩০ ফুট অবৈধ সেগুন কাঠ এবং একটি কার্তুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

খাগড়াছড়ি, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘুষ নেওয়ার অভিযোগে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান খানকে সোমবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিদেশি মদের বোতল, নগদ ৭৯ হাজার টাকা, ৩০ ফুট অবৈধ সেগুন কাঠ এবং একটি কার্তুজ। গোপন খবরের ভিত্তিতে সাংবাদিকদের সঙ্গে নিয়েই যৌথবাহিনী ওই অভিযান চালায়। অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দুই কর্মচারীকেও গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃতদের যৌথবাহিনী জিজ্ঞাসাবাদ করছে। তাদের এখনও থানায় সোপর্দ করা হয়নি।" যৌথবাহিনী সূত্র জানায়, দীঘিনালার জনৈক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে মনিরুজ্জামান দুই হাজার টাকা ঘুষ নেন বলে যৌথবাহিনীর কাছে খবর আসে। সে খবরের ভিত্তিতে দুপুর ১টার দিকে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় মনিরুজ্জামান এবং কর্মচারী রেবা চাকমা ও জ্যোতি প্রসাদ চাকমাকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ঘুষের দুই হাজার টাকা। পরে ইউএনও এর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। সহকারী জেলা ম্যাজিস্ট্রেট আলী আজম ও অতিরিক্ত পুলিশ সুপার সামশুদ্দোহা খবর পেয়ে ঘটনাস্থলে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০১০ ঘ.