ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানি করে নিজের কাছে রাখার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হয়েছে।
ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক দুপুর সাড়ে ১২ টায় মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আগামী বুধবার মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন তিনি।
এ সময় মওদুদকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন বিচারক।
বিচারক মওদুদকে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনালে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন।
গত ১৩ এপ্রিল ভোরে মওদুদের গুলশানের বাসা থেকে ৩২ ক্যান বিয়ার ও ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে যৌথ বাহিনী। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক কবির হোসেন বিশেষ ক্ষমতা আইনে মওদুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক গত ২৫ মে এ মামলায় অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/জিএনএ/১৫৫৬ ঘ.
bdnews24