২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর ছয় খুনের পেছনে সংঘবদ্ধ ডাকাত দল

নরসিংদী সদর উপজেলার ভেলানগরের যুবরাজ ভিলায় চাঞ্চল্যকর ছয় খুনের সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব দাবি করেছে, এরা সবাই সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য এবং তারা এ পর্যন্ত ১০টি ঘটনায় কমপক্ষে ২১ জনকে হত্যা করেছে। তারা কোনও বাড়িতে ডাকাতি শেষে প্রমাণ না রাখার জন্য ওই বাড়ির সব সদস্যকেই হত্যা করতো। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 05:01 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নরসিংদী সদর উপজেলার ভেলানগরের যুবরাজ ভিলায় চাঞ্চল্যকর ছয় খুনের সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব দাবি করেছে, এরা সবাই সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য এবং তারা এ পর্যন্ত ১০টি ঘটনায় কমপক্ষে ২১ জনকে হত্যা করেছে। তারা কোনও বাড়িতে ডাকাতি শেষে প্রমাণ না রাখার জন্য ওই বাড়ির সব সদস্যকেই হত্যা করতো। বুধবার রাতভর কিশোরগঞ্জের ভৈরব এবং নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারে র‌্যাব-২ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। র‌্যাব-২ এর অধিনায়ক উপমহাপুলিশ পরিদর্শক এম আকবর আলী জানান, ১৯ মে নরসিংদীর ভেলানগরের যুবরাজ ভিলায় গৃহকর্তা রইসউদ্দিনসহ তার পরিবারের ছয় সদস্যকে হত্যা করা হয়। ২২ মে গলিত অবস্থায় লাশগুলো উদ্ধার করে পুলিশ। পরে র‌্যাব ঘটনাটি তদন্তের দায়িত্ব নেয়। বুধবার রাতে সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার এবং ফ্লাইট লেফটেনেন্ট আজিম আহম্মেদের নেতৃত্বে র‌্যাব-২ এর একটি দল ভৈরব থেকে আক্তারুজ্জামান বিরু নামে এক ঘাতককে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একইদিন রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রাম থেকে দুধ মিয়া, ভৈরবের শম্ভুপুর গ্রামের খোকন মিয়া এবং কুলিয়ারচর উপজেলার করকমারা গ্রাম থেকে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী যুবরাজ ভিলার পাশের জলাশয় থেকে ওই বাড়ির জানালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব অধিনায়ক আরও জানান, ভেলানগরের ছয় খুনের ঘটনায় মোট ছয় জন অংশ নেয়। তবে গ্রেপ্তারের স্বার্থে বাকি দুজনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন জানান, এদের মধ্যে আক্তারুজ্জামান বিরু এবং দুধ মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন সময়ে গাইবান্ধা, সিলেট, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে ১০ টি ডাকাতির ঘটনায় কমপক্ষে ২১ জনকে হত্যা করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকটি ডাকাতি ও হত্যার ঘটনায় তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কর্নেল গুলজার আরও জানান, তারা কোনও বাড়িতে ডাকাতি শেষে প্রমাণ না রাখার জন্য ওই বাড়ির সব সদস্যকেই হত্যা করতো। আর এ হত্যার কাজে কোন আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার না করে তারা ব্যবহার করতো লোহার রড। বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রথমেই তারা বাড়ির সদস্যদের মাথায় রড দিয়ে আঘাত করে নিস্তেজ করে ফেলতো। পরে মালামাল লুট করে সটকে পড়তো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/প্রতিনিধি/এমআই/২২৪৯ ঘ.