নরসিংদী, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শহরের ভেলানগরের যুবরাজ ভিলায় চাঞ্চল্যকর ছয় খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব--২ এর সদস্যরা বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে র্যাব যুবকের পরিচয় প্রকাশ করছে না।
র্যাব কর্মকর্তা উপ পরিদর্শক বাবুল আখতার জানান, শিগগিরই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
সূত্র জানায়, ওই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত যুবরাজ ভিলার জানালার গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ২২ মে ভেলানগরের যুবরাজ ভিলায় গৃহকর্তা রইছ উদ্দিন সরকারসহ তার পরিবারের ছয় সদস্যের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক জনকে প্রাথমিকভাবে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০১ ঘ.
bdnews24