রাজশাহী, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জরুরি অবস্থা জারির পর থেকে এ পর্যন্ত রাজশাহীতে বিদ্যুৎ, টেলিফোন ও পানির ৫১ লাখ ৬৪ হাজার ৫১৩ টাকা বকেয়া বিল আদায় হয়েছে। একই সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য ১ লাখ ৪০ হাজার ৫৯৫ টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী।
বুধবার সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিক্সথ বেঙ্গলের কমান্ডিং অফিসার ও ২৬ পদাতিক ব্রিগেডের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
তিনি আরও জানান, এই সময়ের মধ্যে তারা রাজশাহী জেলায় অবৈধ দখলদারদের হাত থেকে ২ দশমিক ৭৫ হেক্টর সরকারি জমি উদ্ধার করেছেন, যার মূল্য প্রায় ১১ কোটি টাকা। উচ্ছেদ করা হয়েছে ২ হাজার ৫৪০ টি অবৈধ স্থাপনা। একই সময়ে রেলওয়ের দশমিক ৮৮২৬ হেক্টর (২৬৫ বিঘার ওপরে) জমিও দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও অব্যবস্থাপনামুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে রাজশাহীতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ৭ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক করা হয়েছে চারজনকে। ভেজাল বিরোধী অভিযান চালিয়ে জরিমানা আদায় হয়েছে ৫০ হাজার ৪০০ টাকা।
মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মাদক পাচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, রাজশাহী অঞ্চলে ডিজেল পাচার রোধে এরইমধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন।
কৃষকদের নায্যমূল্যে সার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারিভাবে খাদ্য সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার জন্যও তারা প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯০২ ঘ.
bdnews24