ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে' বলে সরকারি তথ্য বিবরণীর মাধ্যমে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যে খবর প্রচার করেছে তা ঠিক নয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি।
রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পিআইডির ওয়েবসাইটের মাধ্যমে ঘূর্ণিঝড় সংক্রান্ত এই খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। খবরটি বিশেষ বুলেটিন আকারে প্রচার করার জন্য ইলেকট্রনিক গণমাধ্যমগুলোকে অনুরোধও জানানো হয়।
এ ব্যাপারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, তাদের নিয়ন্ত্রণ কক্ষের ভুলের কারণে তথ্য বিবরণীতে ভুল খবর চলে গেছে।
মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়ের তথ্য জানানোর জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরে মোট দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য চারটি টেলিফোন নম্বরও দেওয়া হয় সেখানে।
এ বিষয়ে আবহাওয়া দপ্তরে যোগাযোগ করা হলে তারা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভুল করেছেন। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি।
আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা সাদিকুল আলম জানান, মৌসুমী বায়ুর গতিবেগ বেশি হওয়ায় তারা দমকা ও ঝড়ো হাওয়ার কথা বলেছেন। পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের কোনো কথা বলা হয়নি।
আবহাওয়া অফিসে যোগাযোগের পর মন্ত্রণালয় দু'টির নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে তারা জানান, ভুলবশত ঘূর্ণিঝড়ের খবর প্রচার হয়ে গেছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোখলেসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রাত পৌনে ৮টায় জানান, তার আগে যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন তার ভুলের কারণে সরকারি তথ্য বিবরণীতে ঘূর্ণিঝড়ের খবর চলে গেছে। আবহাওয়া অধিদপ্তর এমন কোনো তথ্য মন্ত্রণালয়কে দেয়নি।
সারাদেশে রোববারের বৃষ্টিপাত সম্পর্কে তিনি জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে মন্ত্রণালয়ে এখনো কোনো তথ্য আসেনি। পানি উন্নয়ন বোর্ড থেকেও নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার কোনো খবর তারা পাননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24