ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হাজারীবাগ এলাকায় গণকটুলী সুইপার কলোনীতে শনিবার সন্ধ্যায় দুই দল যুবকের সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে।
আহতদের মধ্যে ইউসুফ (৩০), আবুল হোসেন (২২) ও সুমনকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুমন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গণকটুলীতে মুসলিম সুইপাররা কাঁচা ঘরের বস্তিতে এবং হিন্দু সুইপাররা পাকা কলোনিতে থাকেন। সন্ধ্যায় বস্তির ছেলেরা কলোনির সামনের খোলা জায়গায় ক্রিকেট খেলতে শুরু করলে কলোনির ছেলেরা তাতে বাধা দেয়। তাদের কথাকাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজারীবাগ থানার উপ--পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান তরফদার দুইপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন। আপোষের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে থানায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোন মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএফ/জেকে/২১৫২ ঘ.
bdnews24