২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া শিক্ষাপ্রকল্প দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চার জন গ্রেপ্তার

ভুয়া শিক্ষাপ্রকল্প দেখিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শুক্রবার রাতে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হচ্ছে মো. সেলিম পারভেজ (৩৬), নির্মল সিকদার (৩৩), তরিকুল ইসলাম (৩০) ও মো. তুহিন (২৫)। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভুয়া শিক্ষাপ্রকল্প দেখিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শুক্রবার রাতে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হচ্ছে মো. সেলিম পারভেজ (৩৬), নির্মল সিকদার (৩৩), তরিকুল ইসলাম (৩০) ও মো. তুহিন (২৫)। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। র‌্যাব --৩ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান জানান, অভিযুক্তরা 'প্রমোট দ্বিতীয় প্রকল্প' নামে একটি ভুয়া প্রকল্পের প্যাড ছাপিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠায়। চিঠিতে বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ করা টাকা পাওয়ার জন্য একটি ফোন নম্বরে পাঁচ হাজার টাকা ফ্ল্যাক্সিলোড করতে বলা হয়। বেশ কয়েকজন শিক্ষক ওই চিঠি পেয়ে ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে টাকা পাঠান। তবে কেউ কেউ সত্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করলে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের গোচরে আসে। গত ২৪ এপ্রিল মন্ত্রণালয় থেকে র‌্যাব-৩ কার্যালয়ে এ বিষয়ে একটি অভিযোগ পাঠানো হয়। বিষয়টি তদন্তের পর শুক্রবার রাতে মাগুরা জেলার শালিখা এলাকার আড়পাড়া বাজারে অভিযান চালিয়ে 'পারভেজ এন্টারপ্রাইজ' নামের একটি টেলিফোন ও ফ্ল্যাক্সিলোডের দোকান থেকে সেলিমকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শাহ্ মিজান শাফিউর রহমান জানান, 'প্রমোট গ্রামীণ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ প্রকল্প' নামের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্প ১৯৯৫ সালে শুরু হয়ে ২০০৫ সালে শেষ হয়। এরপর এই নামে নতুন কোনো প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় চালু করেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/এমআই/১৬৪৪ ঘ.