‘নির্বাচন কর্মকর্তাদের পরীক্ষার ফলাফলের খবরটি ভিত্তিহীন’
বিতর্কিত ৩০৩ জন থানা নির্বাচন কর্মকর্তার মেধা যাচাইয়ের পরীক্ষায় মাত্র ৫২ জন পাশ করেছেন বলে দু’একটি পত্রিকায় যে খবর বের হয়েছে তার কোন ভিত্তি নেই।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এ কথা জানিয়ে বলেছেন ওই পরীক্ষার ফলাফল আদৌ প্রকাশিত হয়নি।
নির্বাচন কমিশন কার্যালয়ে রোববার সিইসি সাংবাদিকদের আরও বলেন, ১০০ নম্বরের পরীক্ষা হলেও পাসের নম্বর কতো হবে, কমিশনকে তা ঠিক করতে হবে। বাস্তবতার ওপর ভিত্তি করেই পাস নম্বর নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে রোববার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, ‘৫২ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন’-এ সংবাদ ভিত্তিহীন।
গত ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওই ৩০৩ জন থানা নির্বাচন কর্মকর্তার মেধা যাচাইয়ের পরীক্ষা নেয়। বিগত সরকারের আমলে এসব কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
