বরিশালে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
বরিশালের মুলাদী পৌর এলাকার একটি বাসায় সোমবার ভোররাতে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ শাহজাহান হাওলাদার (৫২) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
মুলাদী থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ভোররাতের দিকে র্যাব সদস্যরা নগরীর থানা কমপ্লেক্সের পূর্ব পাশে শাহজাহানের বাসায় তল্লাশি চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
