সাতক্ষীরা বোমা হামলায় আহত একজনের মৃত্যু
তালার মাগুরা গ্রামে বোমা হামলায় আহত চারজনের মধ্যে জোহরা পারভিন শুক্রবার মারা গেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবারের বোমা হামলায় পারভিনসহ চারজন আহত হয়েছিলেন। অন্য তিনজন আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে তালার মাগুরা গ্রামে আব্দুল মজিদকে অপহরণ করতে গিয়ে নিজেদের বোমায় নিহত হয় এক সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীদের ছোড়া বোমায় ওই চারজন আহত হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ওইদিন বোমা হামলার সময় নিহত সন্ত্রাসীর পরিচয় পাওয়া গেছে। তার নাম নাম শাহাদাত সরদার (৩০)। সে সুকদেবপুর গ্রামের আমীর আলী সরদারের পুত্র।
ওই ঘটনায় তালা থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হল মোবারেক আলী (২৬), রাজ আলী মোড়ল (২৮) ও রফিকুল ইসলাম (৩৫)। এরা সবাই চিহ্নিত সন্ত্রাসী এবং এদের নামে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
