পরিবারের সবাইকে অচেতন করে অর্থকড়ি নিয়ে গৃহকর্মী চম্পট
এক পরিবারের সব সদস্যকে অচেতন করে অর্থকড়ি নিয়ে এক গৃহকর্মী উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে পৌরসভার ধীরাশ্রম এলাকায় ওই ঘটনা ঘটে।
গৃহকর্তা শাহ আলম জানান, তিনদিন আগে রানী(১৯) নামে ওই গৃহকর্মী তার বাসায় কাজ নেয়। শুক্রবার রাতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়ার পর তিনিসহ বাসার সবাই অচেতন হয়ে পড়েন। পরদিন প্রতিবেশী আলমগীর ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় লোকজনকে খবর দেয়। তারা এসে দরজা ভেঙ্গে সবাইকে উদ্ধার করে।
শাহ আলম (৫৫), তার স্ত্রী তহুরা বেগম (৩৮), মেয়ে শিমু (১৬) মেয়ে জামাই হুমায়ুন (২৫), মেয়ে শায়লা (৫) ও ছেলে তপন (১৪) কে অসুস্থ অবস্থায় গাজিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা অভিযোগ করেন, রানী তাদের বাসা থেকে ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও দামী জিনিসপত্র নিয়ে যায়।
এ বিষয়ে জয়দেবপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মামুনুর রশীদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি ও আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
