চাঁদপুরের ডাকাত সোহেল জিয়া বিমানবন্দরে আটক
বিদেশে পালিয়ে যাওয়ার সময় চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাত সোহেল (২৮) শনিবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ পরিদর্শক মাহবুব জানান, গত ১৭ মে ফরিদগঞ্জের ভাটেরহাট গ্রামে প্রবাসী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ তিন ডাকাতকে আটক করে। এরপর শুক্রবার রাতে আরেক ডাকাত রাজনকে (২৫) আটক করা হয়। রাজন পুলিশকে জানায়, তাদের সহযোগী ডাকাত সোহেল ডাকাতির মালামাল বিক্রি করে শনিবার মধ্যপ্রাচ্য চলে যাচ্ছে।
এরপর চাঁদপুরের পুলিশ সুপার ওবায়েদুর রহমান খানের নির্দেশে বিমানবন্দর পুলিশ সোহেলকে আটক করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল চৌধুরী জানান, সোহেলসহ এ পর্যন্ত মোট পাঁচ ডাকাত আটক হয়েছে। বিমানবন্দরে আটক সোহেলকে নিয়ে আসতে ফরিদগঞ্জ থেকে পুলিশ পাঠানো হয়েছে।
