নিষেধাজ্ঞা উঠে গেলেই নতুন দলের ঘোষণা দেবেন ফেরদৌস কোরেশী
বাংলা দৈনিক দেশবাংলার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস আহমেদ কোরেশী শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠণের ঘোষণা দিতে যাচ্ছেন। সাবেক এই বিএনপি নেতা বলেছেন, সরকার ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “ জাতীয় রাজনীতিতে ভারসাম্য সৃষ্টির লক্ষ্যে নতুন দল গঠনের প্রস্তুতি প্রায় শেষ।”
জেনারেল জিয়াউর রহমান বিএনপি গঠনের সময় ফেরদৌস কোরেশী দলটির যুগ্ম মহাসচিব ছিলেন।
ফেরদৌস কোরেশী বলেন, “ দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সৃষ্ট পরিস্থিতির কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এ অবস্থায় “চেক অ্যান্ড ব্যালেন্স” এর জন্য তৃতীয় একটি দল থাকার প্রয়োজন ছিল। তৃতীয় একটি দল থাকলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। এখন সময় এসেছে তৃতীয় একটি রাজনৈতিক শক্তি তৈরির। এখনই সময় এর বিকাশের। প্রয়োজন সেটির একটি সাংগঠনিক ভিত্তি দেওয়ার।”
তিনি দাবি করেন, সারাদেশ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ সরকারি সহায়তায় অতীতেও দেশে দল হয়েছে নির্বাচনে যেনতেনভাবে জিতিয়ে আনার জন্য। কিন্তু সে দল টিকে না। তবে সরকারের উচিত সব রাজনৈতিক দলকেই সহায়তা করা।
“তবে বর্তমান সরকার রাজনীতিতে সংস্কার আনার যে উদ্যোগ নিয়েছে এবং সৎ ও যোগ্য রাজনীতিবিদদের রাজনীতি করার যে পরিবেশ তৈরি হচ্ছে আমরা তার বাস্তবায়নে কাজ করবো।”
ফেরদৌস আহমেদ কোরেশী বলেন, এখানে কোন ব্যক্তি প্রধান নয়। যার যোগ্যতা আছে এবং মেধার ভিত্তিতে নেতৃত্ব তৈরি হবে।
তিনি দাবি করেন, প্রধান দুই দলের বঞ্চিত নেতাসহ আরো অনেকেই যোগযোগ করছেন।
তবে এ মুহূর্তে কোন ধরনের কমিটি গঠন করার চেয়ে নির্বাচনী আসন ভিত্তিক দল গঠনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কোরেশী বলেন, “ আমি বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা। বিএনপিতে যে সংস্কার হচ্ছে তা স্বাগত জানাই। প্রতিষ্ঠাকালের আদর্শ ও চেতনা নিয়ে ত্যাগী নেতাদের সমন্বয়ে বিএনপি পরিচালিত হোক।”
বিএনপিতে ফিরে যাওয়ার আহ্বান জানালে তিনি আবার ফিরে যাবেন কিনা-- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আর পিছনের তাকানোর সময় নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।
