২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া--দৌলতদিয়ায় কয়েক শ গাড়ির জট

ফেরি স্বল্পতা এবং নদীর পানি বেড়ে যাওয়ায় পাটুরিয়া--দৌলতদিয়া এবং পাটুরিয়া--কাজিরহাট নৌরুটে পারাপার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে; সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শুক্রবার দুপুরে পাটুরিয়া ও দৌলতদিয়া রুটে দুই পাড়েই কয়েশ শ যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। একমাত্র ঘাটটি ডুবে যাওয়ায় সকাল থেকেই কাজিরহাটের সঙ্গে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বিআইডাবিব্লওটিসির আরিচা কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন বলেছেন, “ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ ও নদীতে পানি বেড়ে যাওয়ায় পারাপারের অপেক্ষায় বেশ কিছু গাড়ি আটকা পড়েছে।” (আরও তথ্যসহ)

তিনি জানান, মেরামতের জন্য বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ আলী, এনায়েতপুরী ও শাহ মখদুম ফেরিগুলোকে নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। এ ছাড়া কামিনী ও আমানত শাহ ফেরি দুটিকে পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। এখন মাত্র সাতটি ফেরি দিয়ে উভয় নৌরুটে পারাপারের কাজ চলছে।

এর মধ্যে পানি বাড়ার ফলে শুক্রবার সকালে দৌলতদিয়ার একটি এবং কাজিরহাটের একমাত্র ঘাটটি জলমগ্ন হয়ে পড়ে বলে জানান শাহাদাৎ হোসেন।

কাজিরহাটে ডুবে যাওয়া ঘাটের ঘাট শুক্রবার বিকাল তিনটার দিকে স্থানান্তরের কাজ শেষ হলে এ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। দৌলতদিয়ার ডুবে যাওয়া ঘাটটিও দ্রুত স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পাটুরিয়া ও দৌলতদিয়া রুটে যানবাহনের লাইন শুরু হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে পাটুরিয়া গিয়ে দেখা যায়, সে লাইন ঘাট থেকে তিন মাইল ছাড়িয়ে গেছে। দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাটে তিন শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

দৌলতদিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে খবর পাওয়া গেছে।