২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন হত্যা মামলায় ১০ জামায়াত নেতার অভিযোগ গঠনের শুনানি হয়নি

২৮ অক্টোবর পল্টনে ছাত্রমৈত্রী কর্মী রাসেল হত্যা মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামিসহ ১০ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সেটির অভিযোগ গঠনের শুনানি হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 12:26 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আদালত জামায়াতের আইনজীবীদের আগামী ৩ জুন হাইকের্টের আদেশের সত্যায়িত অনুলিপি জমা দিতে বলেছেন।

জামায়াতের আইনজীবীরা আদালতকে জানান, বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন ও মোহাম্মদ আব্দুল হাই এর হাইকোর্ট বেঞ্চে দাখিল করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত রোববার মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করেছে।

এসময় জামায়াতের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাইকোর্টের স্থগিতাদেশের তথ্য সম্বলিত একটি অ্যাডভোকেট সার্টিফিকেট দাখিল করেন ।

এ সময় তিনি বলেন, একই সময়ে সংগঠিত আরও একটি হত্যা মামলার বিচার কার্যক্রম একইসঙ্গে চালানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।

ওই মামলাটিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ আরও ৪৬ জনকে আসামী করা  হয়েছিল।

জামায়াতের ১০ নেতার বিরুদ্ধে দায়ের করা রাসেল হত্যা মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল মঙ্গলবার। অবশ্য হাইকোর্টের স্থগিতাদেশের কারণে দশ নেতার কেউই আদালতে যাননি।

এর আগে ৮ মে জামায়াতের ১০ নেতা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মহানগর দায়রা জজ মোহাম্মদ মোমিনউল্লাহ মঙ্গলবার পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।