২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তার চুরি, একজনের মৃত্যু, সরবরাহে বিঘœ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তার কেটে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমিন (৩৫) নামে একজন মারা গেছে। তার কেটে ফেলায় সোমবার ভোররাত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আট উপজেলা এবং কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 07:06 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নিহত রুহুল আমিনের (৩৫) বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সে মারা যায়। 

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মৃণাল কান্তি সেন জানান, রোববার মধ্যরাতে একদল চোর বিদ্যুৎ কেন্দ্রের ৩৩ কেভি সঞ্চালন লাইন এলাকায় প্রবেশ করে অনেকখানি তার কেটে নিয়ে যায়। এ সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে মারা যায়।

মৃণাল কান্তি আরও জানান, তার কাটার কারণে সঞ্চালন লাইনের ব্যপক ক্ষতি হয়েছে। এগুলো মেরামতের চেষ্টা চলছে। বিকল্প ব্যবস্থায় শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার সকালের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে না।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন দাসগুপ্ত জানান, চুরির ঘটনায় আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা শাখার উপ--পরিচালক আব্বাস উদ্দিন বাদি হয়ে থানায় মামলা করেছেন।