মোমিন হত্যা মামলা: আপত্তির দরখাস্তের শুনানি পিছিয়েছে
মিরপুরে ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার অভিযোগপত্র থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকের নাম বাদ দেওয়ায় তাতে আপত্তি জানিয়ে দাখিল করা দরখাস্তের শুনানি পিছিয়ে গেছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. তৌফিকুল আলমের আদালতে দরখাস্তের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অব্যহতি পাওয়া মামলার প্রধান আসামি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ ১৮ জনের পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাগফুর রহমান শেখ সময় চাইলে বিচারক ২০ জুন শুনানির নতুন তারিখ ধার্য করেন।
এ সময় আদালতে বাদী মোমিনের বাবা আবদুর রাজ্জাকের পক্ষের আইনজীবী সময় চাওয়ার আবেদনের বিরোধিতা করেন।
মোমিনের বাবা আবদুর রাজ্জাক গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আপত্তি দরখাস্তটি দাখিল করে মামলাটির আরও তদন্তের আবেদন জানিয়েছিলেন।
দরখাস্তে বলা হয়, এ মামলার প্রধান আসামী ওসি রফিকুল ইসলাম সিআইডির সাবেক প্রভাবশালী কর্মকর্তা হওয়ার কারণে সুষ্ঠু তদন্ত হয়নি। গত ১৩ মে মামলার ওসি রফিকসহ ১৮ জন আসামীকে বাদ দিয়ে যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তাতে বাদীর আপত্তি রয়েছে। তাই এই অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটির আরও তদন্তের আদেশ হওয়া জরুরি বলে মনে করে মোমিনের পরিবার।
