মহিউদ্দিনের জামিনের আবেদন সম্পর্কে সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি
চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আটকাদেশ থাকায় তার জামিনের বিষয়ে সিদ্ধান্তের জন্য প্রধান বিচারপতির নির্দেশনা চেয়েছে হাইকোর্ট।
এদিকে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন ও ভাই বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা খানমের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মেয়র মহিউদ্দিন, শাহীনা সুলতানা ও মাফরুজা খানমের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেয়। বিশেষ ক্ষমতা আইনে আটক ব্যক্তির জামিনের আবেদন বিবেচনার এখতিয়ার এই বেঞ্চের না থাকায় আদালত মেয়র মহিউদ্দিনের জামিন আবেদনের বিষয় নিষ্পত্তিতে আদেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এছাড়া শাহীনা সুলতানা ও মাফরুজা খানমের নিয়মিত জামিন কেন দেওয়া হবে না তার কারণ দেখাতে আদালত সরকারের প্রতি রুল জারি করেছে।
মেয়র মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, মেয়র মহিউদ্দিনের অসুস্থতার কারণে হাইকোর্ট গত ১৭ মে দুইটি মামলায় জামিন মঞ্জুর করেছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ থাকায় তিনি মুক্তি পাননি। তাই তিনি উন্নত চিকিৎসাও করাতে পারছেন না।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিখিলেশ দত্ত বলেন, আটকাদেশ মামলা চ্যালেঞ্জ করে মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অন্য বেঞ্চ রুল দিয়েছে। সেই আবেদন এখন চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। তাছাড়া এই আদালতের আটকাদেশ মামলায় জামিন আবেদন শুনানির এখতিয়ার নেই।
আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদনের বিষয়ে নির্দেশ প্রদানের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
দেশে জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী গত ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। ৯ মার্চ তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে গত ৮ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়। ১ এপ্রিল পাহাড় কাটার অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দুইটিতে হাইকোর্ট গত ১৭ মে তার জামিন মঞ্জুর করে। গুরুতর অসুস্থ মেয়র মহিউদ্দিনকে ১৬ মে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন ও হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা খানমের বিরুদ্ধে সম্পত্তির হিসাব সংক্রান্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন গত ৮ মে পৃথক মামলা দায়ের করে। এ মামলায় হাইকোর্ট শাহীনা ইয়াসমিনকে তিন মাস বা পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেছে। অন্যদিকে মাফরুজা খানমকে দুই মাস বা পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেছে আদালত।
