২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধূ অ্যাসিডদগ্ধ

রামপালের মল্লিকের বেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের গৃহবধূ রাজিয়া বেগমকে শিশুসহ হত্যার উদ্দেশ্যে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তার বসতঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার গভীর রাতে তিনি তার শিশুকন্যাকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে ঘরের বেড়ায় আগুন জ্বলতে দেখে তিনি মেয়েকে নিয়ে বেরিয়ে আসেন। ওই সময় সাত-আট জন লোক তাকে লক্ষ করে কিছু তরল দ্রব্য ছুড়ে পালিয়ে যায়। সঙ্গেসঙ্গেই তার শরীরে জ্বালাপোড়া শুরু হয়। তার চিৎকারে আশ পাশ থেকে লোকজন ছুটে এসে রাজিয়াকে হাসপাতালে পাঠায়।

রাজিয়ার বড় ছেলে রাজিব (১৭) ও ভাই বশির হাওলাদার (৩০) জানান, রাজিয়ার স্বামী সেন্টু হাওলাদার দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল। এক পর্যায়ে সেন্টু রাজিয়াকে আলাদা ঘর করে দেয়।

তাদের দুজনের সন্দেহ, রাজিয়াকে অ্যাসিড নিক্ষেপের সঙ্গে সেন্টু ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজার হাত রয়েছে।

রাজিয়াকে হাসপাতালের বার্ন ইউনিটে রাখা হয়েছে এবং অ্যাসিডদগ্ধ হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের রেজিস্ট্রারে রাজিয়ার ঘটনাটি এসিড বার্ন হিসাবে উল্লেখ রয়েছে।

ব্র্যাক বাগেরহাটের এসিড বার্ন ইউনিটের আঞ্চলিক সমন্বয়কারী সুকমল মণ্ডল ও স্বাস্থ্য কর্মসূচি কর্মকর্তা শ্যামল দাস দুপুরে রাজিয়াকে দেখতে যান।

তারা বলেন, শুরুতেই অ্যাসিড লাগা স্থানে পানি ঢালা হয়নি। হাসপাতালে আনার পরও প্রয়োজনীয় মলম লাগানো হয়নি। ফলে দ্রুত তার অবস্থার অবনতি হয়। রাজিয়া চাইলে ব্র্যাকের পক্ষ থেকে তাকে উন্নত ঢাকায় অ্যাসিড সারভাইভাল ফাউন্ডেশনে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এদিকে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়নি। স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে তাকে জানানো হয়েছে, ওই গৃহবধূ আগুনে পুড়েছেন। ঘটনাটি খতিয়ে দেখে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।