১৮ মাসের আগে কোনোভাবেই নির্বাচন নয়: সিইসি
১৮ মাসের আগে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয় বলে আবারো সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
তিনি বলেছেন সেনাবাহিনী কেবল ভোটার তালিকার ডাটাবেজ করতেই সময় নেবে ছয় মাস। আর পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে ১৮ মাস। আর তাই সেনাবাহিনীর বক্তব্যের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো বিরোধ নেই।
শনিবার সকালে জাতীয় অর্থনীতি পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচন সংস্কার নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম শামসুল হুদা বলেন, “ভোটার তালিকার জন্য ডাটাবেইজ তৈরি করতেই ছয় মাস সময় লাগবে-এই কথাটিই বলেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। এরপর সব প্রক্রিয়া শেষ করে ১৮ মাসের আগে নির্বাচন করা সম্ভব নয়।”
সুযোগ থাকলে কমিশন ১২ মাসেই নির্বাচন করত বলে জানান সিইসি।
তিনি জোর দিয়ে বলেন, ১৮ মাসের মধ্যে ভোটার তালিকা তৈরি করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এজন্য ১ মে থেকেই ১৮ মাসের সময় গণনা শুরু হয়েছে।
মতবিনময় সভায় ফয়েজ আহমেদ, এ বি এম মূসা, গোলাম সারওয়ার, আবেদ খান, আতাউস সামাদ, আমানুল্লাহ কবীর, মঞ্জুরুল আহসান বুলবুল, নূরুল কবির, শাইখ সিরাজ, নাইমুল ইসলাম খান, শ্যামল দত্তসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ল্যাপটপ, কম্পিউটারসহ কিছু সামগ্রী আগে চলে এলে আগস্ট মাস থেকেই মাঠ পর্যায়ে ভোটার তালিকার কাজ শুরু করা হবে।
এ সময় তিনি বলেন, “ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা একটি পদ্ধতি। পরিবর্তিত এই পদ্ধতি গ্রহণ করার মানসিকতা সবার থাকতে হবে।”
সংস্কার একটি অপ্রীতিকর কাজ মন্তব্য করে তিনি বলেন, “এই সংস্কারে কারো সুবিধা হবে আবার কারো অসুবিধা হবে। তবে জাতির বৃহত্তর স্বার্থে কাজটি আমাদের করতে হবে।”
যত দ্রুত সম্ভব নির্ভুল ভোটার তালিকা তৈরি করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
