২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ৬টি সুপারিশ

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্কের পার্থক্য কমানোসহ ছয়টি সুপারিশ করেছে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটি। একই সঙ্গে রোজার মাসের চাহিদা পূরণে ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা ও ডাল আমদানির সিদ্ধান্তও হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:04 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার কমিটি প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিনের সভাপতিত্বে দ্রব্যমূল্য সংক্রান্ত কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে গোলাম মোস্তাকীম সাংবাদিকদের বলেন, “ এখন অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি শুল্ক ২২ দশমিক পাঁচ থেকে ২৫ শতাংশ। আর পরিশোধিত ভোজ্য তেলের আমদানি শুল্ক ৪৫ শতাংশ। বৈঠকে এ পার্থক্য কমানোর সুপারিশ করা হয়েছে।”

অন্য পাঁচটি সুপারিশের মধ্যে রয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বহনকারী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে চলাচল করতে দেওয়া, এ সব যানবাহনকে সরকারি টোল থেকে অব্যাহতি দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সরকারি তালিকা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে বলা, রোজার মাসে ইলিশ রপ্তানি স্থগিত রেখে কাপ্তাই লেক থেকে মাছ ধরে বাজারে সরবরাহ করা।

এছাড়া দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সংক্রান্ত সংবাদ গঠনমূলকভাবে পরিবেশন করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানানোর সুপারিশও করা হয়।

গোলাম মোস্তাকীম জানান, রোজার মাসের জন্য ২০ হাজার টন মসুর ডাল, ৪০ হাজার টন ছোলা, ১ লাখ ২০ হাজার টন পেঁয়াজ এবং ২ লাখ টন সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর কিছুটা টিসিবির মাধ্যমে এবং বাকিটা আমদানির জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হবে।

তিনি আরও জানান, ১২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বার্ষিক চাহিদা, উৎপাদন ও আমদানির নির্ভুল তথ্য নিরুপণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পণ্যগুলো হচ্ছে, চাল, ডাল, গম, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, আদা, মরিচ, হলুদ, রসুন ও লবণ। 

বৈঠকে স্বরাষ্ট্র, শিল্প, কৃষি, বাণিজ্য, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।