খুলনায় অস্ত্রসহ জাপার কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর নেতা আব্দুল গফফার বিশ্বাসসহ (৫৮) তিনজনকে বুধবার মধ্যরাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
আটক অন্য দুজন হলো গফফার বিশ্বাস এর ভাই আব্দুর রাজ্জাক বিশ্বাস ওরফে রাজা (৫৬) এবং ভাইপো খুলনা সিটি কমিশনের ১৬ নং ওয়ার্ড কমিশনার আনিছুর রহমান বিশ্বাস।
তাদের খালিশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খালিশপুর থানার কর্তব্যরত দারোগা মোশাররফ হোসেন জানান, রাত দেড়টায় নগরীর নূরনগর এলাকায় গফফার বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ২০৬ রাউন্ড গুলিসহ একটি পয়েন্ট টুটু বোরের রাইফেল, একটি পয়েন্ট থ্রিটু রিভলবার ও ৩৮ রাউন্ড গুলি এবং ২৭৩ রাউন্ড গুলিসহ একটি শটগান উদ্ধার করা হয়েছে।
অবশ্য আটক জাতীয় পার্টি নেতা আব্দুল গফফার বিশ্বাস থানায় সাংবাদিকদের বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি বৈধ। এগুলোর লাইসেন্স তার কাছে আছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, অস্ত্রের কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। আটক তিনজনের বিরুদ্ধে আপাতত জরুরি বিধিমালা অধ্যাদেশের আওতায় মামলা করা হবে।
