২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পতম সময়ে বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল ভোটার তালিকা করা সম্ভব নয়: সিইসি

ক্যাম্পে না বসে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা করতে রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, স্বল্পতম সময়ে বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা করা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের স্বল্পতম সময়ে ছবিসহ ভোটার তালিকা করতে হবে। ১৮ মাসের মধ্যে এই কাজ করার যে ঘোষণা দিয়েছি, আমরা সেই সময়ের মধ্যেই কাজটি শেষ করতে চাই। আমরা পারলে আরো আগে এই কাজ করব। কিন্তু যন্ত্রপাতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা সম্ভব নয়।”

সিইসি বলেন, “ভোটারদের ভোট রেজিস্ট্রেশন কেন্দ্রে (ক্যাম্পে) আনতে হবে, এটিই চ্যালেঞ্জ। যে পন্থায় ভোট দিতে তাদের ভোট কেন্দ্রে নেওয়া হয়, একই পন্থায় তাদের ভোট রেজিস্ট্রেশন কেন্দ্রে নিয়ে আসতে হবে। এ জন্য আমরা রাজনৈতিক দল, এনজিও, মিডিয়াসহ সকলের সহযোগিতা চাই।”

ছবিসহ ভোটার তালিকা তৈরি, বাড়ি বাড়ি গিয়ে তালিকা করা এবং নূন্যতম সময়ে এই কাজ করা -- এই তিনটি বিষয়ের সমন্বয় করা কঠিন বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, বাড়ি বাড়ি গিয়েই ভোটার তালিকা করতে হবে। নির্বাচনী আইনেই এ কথা বলা আছে। অন্যদিকে একই দিন বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ক্যাম্পে বসে ভোটার তালিকা করার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

শামসুল হুদা বলেন, “এরমধ্যে একটা চাইলে আরেকটা ছাড় দিতে হবে। তবে আমার কথা অনুমানভিত্তিক; তারাও (রাজনৈতিক দল) অনুমানের ভিত্তিতেই কথা বলছেন। ভোটার তালিকা একটা দেশের কাজ। এই কাজ করার জন্য বাস্তব অবস্থা বোঝার চেষ্টা করতে হবে। যুদ্ধ করার মতো অবস্থায় যদি আমরা নামি, নির্ভুল ভোটার তালিকা না করতে পারার তো কোনো কারণ দেখি না। রাজনৈতিক দল যে সমালোচনাটা করছেন, আমরা একে ইতিবাচক হিসেবে নিয়েছি। আমরা আসলে আমাদের ধারণা শেয়ার করছি। তাদের যে সংশয়, আমরা তা গুরুত্বের সঙ্গে দেখছি।”

তিনি বলেন, ‘‘ভোটার তালিকা তৈরির জন্য পরীক্ষামূলকভাবে আমরা আগে যুদ্ধে নামি; মাঠে না নেমে বাস্তব অবস্থা কি দাঁড়ায়, তা বলতে পারব না।”

সিইসি আরো বলেন, “ছবিসহ ভোটার তালিকা তৈরির ‘অপারেশনাল সাইট’ নির্বাচন কমিশনের থাকা উচিত। ছবিসহ ভোটার তালিকার বিষয়টা যখন আসছে, তখন আইনে সংশোধনী আনা হবে। ক্যামেরা, কম্পিউটার, স্ক্যানারসহ পাঁচ -- ছয়টা যন্ত্রপাতি নিয়ে কিভাবে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব? তাছাড়া বিদ্যুৎ সরবরাহ থাকা না থাকার বিষয় আছে।”

১৯৯৫ সালে ক্যাম্পে বসে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে -- এ কথা নিজেই তুলে শাসসুল হুদা বলেন, “১৯৯৫ সালের ব্যর্থতার কারণগুলো আমরা চিহ্নিত করেছি। আমরা এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চাই। তাছাড়া আমাদের আনসার ও ভিডিপির যে বিশাল কর্মিবাহিনী আছে, তাদের সহযোগিতা নিতে চাই। ভোটার তালিকার কাজে সাহায্য করার লোকের অভাব হবে না।”

প্রসঙ্গত, কমিশন এ মাসেই পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হতে যাচ্ছে। পুরোপুরি কাজ শুরু হবে আগস্টে। একই সঙ্গে কমিশন জাতীয় পরিচয়পত্রও তৈরি করবে। এই কাজের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। তালিকা তৈরিতে সেনাবাহিনীর প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া হচ্ছে। কমিশনের ধারণা, এবার ভোটাররের সংখ্যা হবে সাড়ে সাত কোটি।