ব্যর্থতা নিয়ে গত সরকারগুলো কিছু বলেনি: স্থানীয় সরকার উপদেষ্টা
গত সরকারগুলো শুধু নিজেদের সফলতার কথা বলতো। কী করেছে তা নিয়েই ছিল উচ্চকণ্ঠ; কিন্তু কী করতে পারেনি সে ব্যাপারে কিছুই বলতো না। অথচ না বলা বিষয়গুলোই ছিল গুরুত্বপূর্ণ। এ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
‘দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’ শিরোনামে আয়োজিত এক কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে বিআরডিবি ভবনে বুধবার দুদিনব্যাপী ওই কর্মশালা শেষ হয়।
কর্মশালায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) নিত্য নতুন কৌশল প্রণয়নের ওপর জোর দিয়ে বলা হয়, প্রচলিত ধারায় কৌশল প্রণয়ন এবং এর বাস্তবায়নই উন্নয়নের একমাত্র পথ নয়। বরং উন্নয়নের ক্ষেত্রে বাধাগুলো চিহ্নিত করতে হবে এবং তার ভিত্তিতেই নতুন নতুন কৌশল গ্রহণ করতে হবে।
আনোয়ারুল ইকবাল বলেন, “দেশের অর্থনীতির উন্নয়নে বিগত সরকারগুলোর কাছ থেকে আমরা আশানুরূপ সাফল্য পাইনি। তাই এখন কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্যদের কাছে নিজেকে মডেল হিসেবে দাঁড় করাতে হবে।”
তিনি বলেন, “সব সময় পরিসংখ্যানের ওপর আস্থা রাখা ঠিক নয়। তারা (গত সরকারগুলো) বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সাফল্যের কথা বললেও যা বাস্তবায়ন করতে পারেনি, তার কথা কি বলে? আমাদের ভুলে গেলে চলবে না, যা হয়েছে তার চেয়ে না হওয়া কাজগুলোই বেশি গুরুত্বপূর্ণ।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, “বিআরডিবির ভিত্তি শক্ত করতে আমরা দুটি বিষয়ের ওপর জোর দিচ্ছি। আর তা হলো, সুশাসন এবং দারিদ্র্য দূর করা।”
বিআরডিবির পরিকল্পনা সেলের পরিচালক সদরুল আলম তালুকদার বোর্ডের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরে বলেন, “গ্রাম পর্যায়ে এরই মধ্যে পাঁচ হাজার ৪২৬ কোটি ৩৮ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ শোধের হারও সন্তোষজনক।”
তিনি আরও বলেন, “বিআরডিবির কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ে আগের চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ এখন স্বনির্ভর এবং শিক্ষিত। নারীর ক্ষমতায়নের হারও বেড়েছে কয়েকগুণ।”
বিআরডিবির মহাপরিচালক আব্দুস সোবহান সিকদার কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন।
