ছেলেসহ গ্রেপ্তার হান্নান শাহ পাঁচ দিনের রিমান্ডে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পাটমন্ত্রী আ স ম হান্নান শাহ্ ও তার বড় ছেলে শাহ রেজাউল হান্নানকে পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক জানান, বিকেল সাড়ে ছয়টায় গাজীপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজী নুরুন নাহার এ দুজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে হান্নান শাহ্ ও তার ছেলেকে কড়া নিরাপত্তায় ওই আদালতে হাজির করা হয়।
১৩ মে কাপাসিয়া ডিগ্রি কলেজের রাস্ট্রবিজ্ঞানের প্রভাষক রুহুল আমিনের দায়ের করা চাঁদাবাজির মামলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাজিস্ট্রেট কাজী নুরুন নাহার পিতা-পুত্রকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
ছেলে শাহ রেজাউল হান্নানের বিরুদ্ধে ১২ মে দায়ের করা অপর একটি মামলার শুনানিতে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মুক্তাদির সন্ধ্যা সাতটায় রেজাউলের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এই মামলায় শাহ রেজাউল হান্নানের বিরুদ্ধে বাদী মাইনুদ্দিন চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ এনেছিলেন।
এই রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কাজী নুরুন নাহার বলেন. “পাঁচদিনের রিমান্ড শেষ হওয়ার পরেই নতুন শুনানিতে ১২ মে দায়ের করা ওই মামলার রিমান্ডের আবেদন বিবেচনা করা হবে।”
আদালত থেকে সন্ধ্যা সোয়া সাতটায় হান্নান ও তার ছেলেকে জয়দেবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
জয়দেবপুর থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক এ কে এম মামুনুর রশীদ সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আরও রাতের দিকে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় আসামিদের কাপাসিয়া থানায় নিয়ে যাওয়া হবে।”
ছেলেসহ হান্নান শাহকে পুলিশ সোমবার দুইটা ৩৫ মিনিটে মহাখালীর নিউ ডিওইএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করে।
হান্নান শাহ এর ব্যক্তিগত সচিব ইউনুস বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, “স্যারকে দুপুর দুইটায় পুলিশ এসে বলে যে ওপরের নির্দেশ এসেছে যে আপনাকে থানায় যেতে হবে।”
বাবুল আরও জানান, হান্নান শাহ্কে গাজীপুর থানায় নিয়ে যাওয়ার কথা বলেছে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “গাজীপুরের কাপাসিয়া থানায় জমি দখলের অভিযোগে দায়ের করা মামলা নং ১৯ এর কারণে হান্নান শাহ্কে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে কাপাসিয়া থানা পুলিশকে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করেছে মাত্র।”
তিনি আরও জানান, হান্নান শাহ্ এর বড় ছেলে গার্মেন্টস ব্যবসায়ী শাহ রেজাউল হান্নানও একই মামলার আসামী।
ক্যান্টনমেন্ট থানার সামনে থেকে প্রতিবেদক আবু নোমান সজীব জানান, তাদের সামনে কাপাসিয়া থানা পুলিশ বিকাল পাঁচটা বিশ মিনিটে হান্নান শাহ্ও তার ছেলে শাহ রেজাউল হান্নানকে ক্যান্টনমেন্ট থানা থেকে কাপাসিয়ায় নিয়ে যায়।
কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন গত ৬ মে গাজীপুরের দুই নম্বর আমলি আদালতে হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানসহ ৯৬ জন বিএনপি নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৯৬। এই মামলায় হান্নান শাহ ও তার ছেলে জামিনে রয়েছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পক্ষে ফারুক আহম্মদ বাদী হয়ে গত ৯ মে ২২/২৩ বিসিক শিল্প নগরী কোনাবাড়ির মেসার্স ক্রাউন ওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হান্নান শাহ্কে আসামি করে প্রায় ২২ লাখ টাকা বকেয়া বিল আদায়ের লক্ষ্যে গাজীপুর দায়রা জজ আদালতে ‘মানিস্যুট’ মোকদ্দমা দায়ের করেন।
কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের জনৈক মাইনুদ্দিন তাকে অত্যাচার নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে শাহ রেজাউল হান্নান ও তার সহযোগিদের বিরুদ্ধে গত ১২ মে কাপাসিয়া থানায় আরও একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে হান্নান শাহর নির্দেশে হামলা নির্যাতন করা হয়েছে উল্লেখ করা হলেও তাকে আসামি করা হয়নি।
গত ১৩ মে হান্নান শাহ ও রেজাউল হান্নানসহ সাত জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় আরও একটি মামলা করেন রুহুল আমিন। এই মামলার অভিযোগে বলা হয়, জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর কাপাসিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রুহুল আমিনকে হান্নান শাহ্র কর্মীরা কলেজ চত্বরে ঢুকতে দেননি। এক পর্যায়ে ২০০৩ সালে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে হান্নান শাহ্ তাকে সাময়িক বরখাস্তও করেন। এর কিছুদিন পর পুনর্বহালের জন্য হান্নান শাহ অপর আসামিদের মাধ্যমে এক লাখ টাকা চাঁদা নেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, ১৩ মে কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের দায়ের করা মামলায় হান্নান শাহ ও রেজাউল হান্নান কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “কাপাসিয়া থানার পুলিশ ফোর্স ঢাকার কাফরুল থানার পুলিশের সহায়তায় সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করেন।”
