নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি
ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি সোমবার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল আদালতে নাজমুল হুদার পক্ষে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হলে সোমবার ওই আবেদনের ওপর আসামী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কী-হবে না সে বিষয়ে বিচারক আজিজুল হক মঙ্গলবার আদেশ দেবেন।
শুনানির শুরুতে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই অভিযোগ গঠনের জন্য আরো সময় চান। এসময় তিনি তিন পৃষ্ঠার হাতে লেখা একটি বক্তব্য আদালতকে দেন।
নাজমুল হুদার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুল, অ্যাডভোকেট টিএম আকবর ও অ্যাডভোকেট লুৎফে আলম।
তার আইনজীবীরা শুনানিতে বলেন, ২০০২ সালের সংশোধিত অস্ত্র আইন অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দখিল করতে হয়। এ মামলায় অভিযোগ গঠনের জন্য কোনো প্রাথমিক উপাদান নেই।
নাজমুল হুদার বিরুদ্ধে লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে গত ৮ মার্চ ধানমন্ডি থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়। গত ৫ ফেব্রুয়ারি তাকে জরুরি ক্ষমতা আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এদিকে একই আদালতে ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। সোমবার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল।
গত ৪ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
