ওআইসি সম্মেলনে যোগ দিতে সোমবার পাকিস্তান যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
ওআইসিভুক্ত দেশগুলোকে রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাবে বাংলাদেশ।
আগামী ১৫ থেকে ১৭ মে পাকিস্তানে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে (আইসিএফএম) এ অনুরোধ জানানো হবে।
রোববার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তার দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান। সম্মেলনে যোগ দিতে সোমবার তিনি পাকিস্তানে রওনা হবেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওআইসির ধনী দেশগুলো যাতে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করে সে ব্যাপারে জোর দেবে বাংলাদেশ।”
ইরাক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ইরাক সমস্যার নিরসন চাই। এ ব্যাপারে সেদেশের জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের সরকার ও জনগণ ইরাকিদের মতো করেই ইরাক সমস্যার সমাধান দেখতে চায়।”
এর আগে দুপুর ১২টার দিকে দেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি বায়রার নেতারা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “আঙুলের ছাপ না মেলায় মালয়েশিয়া থেকে ৪০০ বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে যাতে শ্রমিকদের হয়রানি করা না হয় সে ব্যাপারেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
