পল্লবীতে ব্যবসায়ী খুন
রাজধানীর পল্লবীতে শনিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।
নিহত মনসুর মল্লিক (৪৫) কাটা কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং মিম ট্রেডার্স ডেইরি ফার্মের মালিক। তার বাবার নাম ওয়াজেদ আলী।
পল্লবী থানা পুলিশ জানায়, রাত ১০টার দিকে মনসুর মিম ডেইরি ফার্মের পাশে ঝুটপট্টিতে বসে গল্প করছিলেন। এমন সময় কয়েকজন বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায়, বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই কুদ্দুস মল্লিক জানান, কয়েকদিন আগে মনসুর একজন চাঁদাবাজকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সে থেকেই সন্ত্রাসীরা তাকে টেলিফোনে নানারকম হুমকি দিচ্ছিল।
পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, মাথায় বুকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়ার পথেই মনসুর মারা যান।
তিনি আরও জানান, এ ব্যাপারে রাত একটা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি।
