রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে তিন জন আহত
রাজধানীর মিরপুরে ও মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে শনিবার দুই রিকশা চালকসহ তিন জন আহত হয়েছেন।
মিরপুর সনি সিনেমা হলের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি চলন্ত ট্যাক্সি ক্যাবকে লক্ষ করে কয়েক সন্ত্রাসীর ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দু’রিকশা চালকের বুক ও গলায় বিদ্ধ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুরিকশাচালকের নামই আবদুস সালাম।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মিরপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই।”
মগবাজারের নয়াটোলা এলাকার লোকজন জানায়, রাত পৌণে ৮ টার দিকে ২১৭, নয়াটোলার বিপি গার্মেন্টসের সামনে থেকে তিন ব্যক্তি আনিস নামে একজনকে ধরে পাশের গলিতে নিয়ে তার ওপর গুলি চালায়। স্থানীয় লোকজন হাতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মো. আনিস (২৪) নিজেকে প্রাইভেট কারচালক হিসেবে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, জামিল, ক্যারাইট্যা ফারুক এবং চান্দিছিলা নাসির তার ওপর গুলি চালিয়েছিল।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক মিজান জানান, “এ ধরনের কোনও তথ্য এখনও আমরা পাইনি।”
