মালিবাগে যুবকের জবাই করা লাশ উদ্ধার
রাজধানীর মালিবাগের একটি মোটর ও ইলেকট্রনিক্সের গুদাম থেকে মো. নাসিরউদ্দিন (২২) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
নাসির মালিবাগ বাজারের জেনারেটর গলির ওই মোটর ও ইলেকট্রনিক্সের গুদামে কাজ করতো।
গুদামের মালিক মহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শুক্রবার রাত ১১টায় গুদামের কর্মচারী মো. নাজমুল ও নাসিরকে ঘুমাতে বলে তিনি ওই ভবনের চার তলায় নিজের বাসায় চলে যান। শনিবার সকাল সাড়ে আটটার দিকে একজন কাঠমিস্ত্রি গুদামে কাউকে না পেয়ে চার তলায় খবর দেয়। এরপর তিনি নীচে নেমে গুদামের একটি তালাবন্ধ ঘরের দরজার নীচ দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ঘর থেকে নাসিরের জবাই করা লাশ এবং একটি রক্তমাখা ছোরা ও হাতঘড়ি উদ্ধার করে।
বিকেল সাড়ে চারটায় লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গুদামের আরেক কর্মী নাজমুল পলাতক রয়েছে।
নাসিরের বাবা সুরুজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে নাসির ছিল সবার বড়। দুই মাস ধরে ওই গুদামে চাকরি করছিল সে। নাসিরের সঙ্গে কারো শত্রুতা বা ঝগড়া ছিল না বলে জানান তিনি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আবু জাহিদ জানান, পলাতক নাজমুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
