মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সম্মাননা দিয়েছে শিলমাড়িয়া ইউপি
শিলমাড়িয়া ইউনিয়নের ১১ জন মুক্তিযোদ্ধা ও ১১টি শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা দিয়েছে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবারের এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
সম্মাননা প্রাপ্তদের এই তালিকা স্থানীয়ভাবে সর্বসম্মতভাবে তৈরি করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে আসল শহীদদের পরিচয় খুঁজে বের করা ও স্থানীয়ভাবে তাদের মূল্যায়ন করার লক্ষেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিলমাড়িয়া ইউনিয়নের সব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকেই খুঁজে বের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের এই অনুষ্ঠানে অতিথি করা হয়েছে সাধনপুর পঙ্গু শিশু নিকেতনের পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও রাজশাহীর বাঘা উপজেলার বাউশার বই পাগল হারেজ উদ্দিন পলান সরকারকে।
সম্মাননা অনুষ্ঠানে শিলমাড়িয়া ইউনিয়নের সব মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের তালিকা ও তাদের নিয়ে লেখা সম্বলিত একটি স্মরণিকা প্রকাশ করে অনুষ্ঠানে আগতদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন, বদোপাড়ার নিরেন্দ্রনাথ সরকার ও সায়েদুল ইসলাম, বড়বড়িয়া গ্রামের শ্রী শান্তি চরণ সরকার, শ্রী দীনবন্ধূ প্রামাণিক ও দিপেন্দ্রনাথ সরকার, কেওড়াজোড়া গ্রমের বিশ্বনাথ ওরাং, শক্তিপাড়া গ্রামের শ্রী বৃন্দাবন সরকার, শ্রীরামপুর গ্রামের নিতাই চন্দ্র পাল, যশোপাড়া গ্রামের কানাই চন্দ্র সরকার, মোল্লা পাড়া গ্রামের শ্রী নরেন সরেন এবং সাতবাড়িয়া গ্রামের রুহুল আমিন কাজী।
অন্যদিকে, শহীদ মুক্তিযাদ্ধা সাধনপুর গ্রামের আব্দুল খালেক, কৌড়াজোড়া গ্রামের লোকমান হোসেন, তেঁতুলিয়া গ্রামের মহির উদ্দিন, বদোপাড়া গ্রামের প্রমোদানাথ প্রামাণিক, সাতার পড়া গ্রামের সুরেন্দ্রনাথ দাস, তুলশী মোহন দাস, রঘুনাথ প্রামণিক, কৃষ্ণচন্দ্র প্রামণিক, মানিক চন্দ্র দাস, সড়গাছি গ্রামের সাবের আলী এবং নান্দিপাড়া গ্রামের নিরোদ দেবের পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের সভাতিত্বে সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুঠিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, শিলমাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নিরেন্দ্রনাথ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম মোল্লা, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
