২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলকারী আ. লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ

শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে গিয়ে মিছিলকারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এবং বুধবার রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। তবে বুধবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 07:37 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফেরার পর রাজধানীর বিমানবন্দর ও ধানমন্ডি এলাকায় জরুরি অবস্থা ভেঙ্গে মিছিল-সমাবেশের ঘটনায় পুলিশ মঙ্গলবার দুটি মামলা করে। মামলা দুটিতে নাম উল্লেখ না করে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়।

বিমানবন্দর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গাজী রুহুল আমিন বিকাল সাড়ে পাঁচটায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য বিমানবন্দর থানা পুলিশের দুটি দল এখন মাঠে রয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, উপ-পরিদর্শক আমিনুল ইসলাম মামলার তদন্ত শুরু করেছেন। আসামীদের গ্রেপ্তারে থানার তিনটি টিম একযোগে অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে শেখ হাসিনা দেশে ফেরার সময় জরুরি অবস্থা ভেঙ্গে মিছিলের কারণে পুলিশ কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার অভিযোগে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী কমিশনারকে প্রত্যাহার এবং একজন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।