আবুল হাসানাতের ব্যাংক লকার সিলগালা
সোনালী ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখায় আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর লকারে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের বিশেষ টাস্ক ফোর্সের একটি দল মঙ্গলবার এ তল্লাশি চালায়।
লকারটি আবুল হাসানাত আবদুল্লাহর ভাড়া নিয়েছিলেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক হাবিবুর রহমান।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের দলটি প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার বিকালে লকারটি ভেঙে ভেতরের মালামালের তালিকা করে তা সিলগালা করে চাবি নিয়ে যায়।
তবে কী কী মালামালের তালিকা লিপিবদ্ধ করা হয়ছে তা হাবিবুর রহমান নিশ্চিত করতে পারেননি।
আবুল হাসানাতের স্ত্রী শাহানারা আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন, বিভিন্ন সময় আবুল হাসানাত সংগঠনের নেতাকর্মীর কাছ থেকে স্বর্ণের নৌকাসহ যে উপহার সামগ্রী পেয়েছেন, সেগুলোই ওই লকারে ছিল।
তিনি আরও জানান, তল্লাশির সময় তাকেও উপস্থিত থাকতে বলা হয়েছিল। তবে সময়ের অভাবে তিনি সেখানে থাকতে পারেননি।
দেশে জরুরি অবস্থা জারির পর আবুল হাসানাত আবদুল্লাহ পলাতক রয়েছেন।
