৪ বিভাগ ও ১৮ জেলাসহ প্রশাসনে ব্যাপক রদবদল
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও তিনটি মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবসহ সোমবার প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। এ ছাড়া চার বিভাগে নতুন কমিশনার ও ১৮টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও বদলি করা হয়েছে ছয় যুগ্ম-সচিবকে।
বিভাগ চারটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা।
জেলা প্রশাসকদের মধ্যে ১৩ জনকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বাকি পাঁচ জেলার জেলা প্রশাসককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবার এসব নিয়োগ ও রদবদলের আদেশ জারি করা হয়।
ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসলেহ উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ে, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক রোকেয়া সুলতানাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আবুল হাসান মোহাম্মদ রেজাউল কবীরকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ঢাকার বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার কবির আশরাফ আলমকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বরিশালের বিভাগীয় কমিশনার বিজন কান্তি সরকারকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) পরিচালক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার আনিস উদ্দিন মনজুরকে ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ইকরাম আহমেদকে ঢাকা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিউল আলমকে রাজশাহী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল হায়দারকে বরিশাল এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ইউনুসুর রহমানকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি হওয়া পাঁচ জেলা প্রশাসকের মধ্যে নরসিংদীর কামাল উদ্দিনকে ঢাকায়, মৌলভীবাজারের আশরাফ শামীমকে চট্টগ্রামে, নওগাঁর খলিলুর রহমানকে রাজশাহীতে, রাঙ্গামাটির হারুন অর রশিদ খানকে সিলেটে এবং চাঁপাই নবাবগঞ্জের ফয়জুল কবীরকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব নুরুল ইসলামকে কুষ্টিয়ায়, চট্টগ্রামের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আব্দুল হাইকে ব্রাহ্মণবাড়িয়ায়, সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেফাউল করিমকে নওগাঁয়, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক শাহাদৎ হোসেনকে চাঁপাই নবাবগঞ্জে, সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব শামসুন্নাহার বেগমকে শেরপুরে, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের মিলিটারি এস্টেট অফিসার নুরুল আমিনকে রাঙ্গামাটিতে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকীকে মৌলভীবাজারে, নজরুল ইনস্টিটিউটের সচিব হুমায়ুন কবিরকে বগুড়ায়, সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (৩য় পর্যায়) উপ-পরিচালক শশী কুমার সিংহকে মাদারীপুরে, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক জিল্লার রহমানকে নরসিংদীতে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মঞ্জুরুর রহমানকে কুমিল্লায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব সাজ্জাদুল হাসানকে কক্সবাজার এবং ওএসডি উপ-সচিব হরিপ্রসাদ পালকে ঝালকাঠির জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
সরকার সম্প্রতি জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মরত উপ-সচিব ও সম-মর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে একটি যোগ্য তালিকা (ফিট লিস্ট) তৈরি করে। এর ভিত্তিতে ১৩টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
এদিকে, চট্টগ্রামের প্রাক্তন মুখ্য মহানগর হাকিম শেখ মোবারক হোসেনকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, শ্রম পরিদপ্তরের পরিচালক শামসুল আলমকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব এসএম গোলাম ফারুককে ডেভেলপমেন্ট অব গভ: পাবলিক লাইব্রেরী প্রকল্পের প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম সচিব একেএম ইয়াহিয়া চৌধুরীকে যমুনা সেতু কর্তৃপক্ষের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব সৈয়দ জগলুল পাশাকে বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) কমিশনের পরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জিশান আরা আরাফুন্নেছাকে পল্লী বিদ্যূতায়ণ বোর্ডের (আরইবি) সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
