দুর্নীতিতে পিছিয়ে নেই শিক্ষামন্ত্রণালয়ও: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী বলেছেন, দুর্নীতিতে শিক্ষামন্ত্রণালয় পিছিয়ে নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনেও দুর্নীতিতে শিক্ষামন্ত্রণালয়কে এগিয়ে রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। এইচএসসি পরীক্ষার তথ্য জানানোর জন্য আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এসেই তিনি শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, সংবাদপত্রের প্রতিবেদন দেখে অনেক বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। এ ধরনের প্রতিবেদন দেখে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এক পর্যায়ে সাংবাদিকরা শিক্ষমন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা মুখ খোলেন না বলে অভিযোগ করেন। জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক কর্মকর্তা আপত্তি জানালেও উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি নেই এটা দাবি করা ঠিক হবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনেও শিক্ষামন্ত্রণালয়কে এগিয়ে রাখা হয়েছে। তবে এখন দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষা অধিদপ্তর ও বোর্ডে ঘুষ দেওয়া-নেওয়া এবং শিক্ষকদের হয়রানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাঠামো ঠিক না হলে এটা চলবেই। দিনাজপুর থেকে এসে হোটেল ভাড়া বাঁচানোর জন্য কিছু টাকা দিয়ে কাজটি দ্রুত শেষ করে চলে যাওয়াই সাশ্রয়ী। তাই এমন কাঠামো গড়তে হবে যাতে সবাইকে ঢাকায় আসতে না হয়। সরকার এসব কাজের জন্য একটি ডাটাবেজ করবে।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সরকার কঠোর আইন করতে যাচ্ছে। নামসর্বস্ব সার্টিফিকেট বিক্রির দোকান হিসেবে এসব বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া যায় না। আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি সমন্বিত আইন করা হবে।
শিক্ষামন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প অক্টোবর মাসে মূল্যায়ন করা হবে বলে উপদেষ্টা জানান।
