রাবি হলে পুলিশের বিশেষ অভিযান, আটক ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও জিয়া হলে রোববার গভীর রাতে মহানগরীর মতিহার থানা পুলিশ তল্লাশি চালিয়ে ১৩ জন ছাত্রকে আটক করেছে।
আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত আড়াইটার দিকে রাবির বঙ্গবন্ধু হলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভাষা বিভাগের সঞ্জয় কুমার, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের মামুন, মনোবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, রসায়ন বিভাগের আবদুল হালিম, আইসিই বিভাগের আবদুর রহমান, রাইসুল কবীর ও আবু জাফরকে আটক করে। রাত সাড়ে তিনটার দিকে নৃ-বিজ্ঞান বিভাগের মুকিবুল হাসান মুকুট, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শাহাদত হোসেন, নাজিমুদ্দিন, পরিসংখ্যান বিভাগের মুক্তাদির, হিসাব বিজ্ঞান বিভাগের শরিফুল আলম ও শাহ আলমকে আটক করা হয়েছে।
ওসি জানান, আটক ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা মুকিবুল হাসান মুকুটের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা রয়েছে।
তিনি গত বছর ২০ আগস্ট রাবি ছাত্রলীগ নেতা আরিফুজ্জামানকে ছুরিকাঘাত করেন এবং ছাত্রলীগের ওপর সন্ত্রাসী হামলা চালান বলে জানান ওসি।
