হুদা, সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন আবারও পেছালো
লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অস্ত্র ও গুলি রাখার মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন তৃতীয়বারের মতো পিছিয়েছে।
একইসঙ্গে দ্বিতীয় বারের মতো পিছিয়েছে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন।
সোমবার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইবুনালের বিচারক মো. মমিন উল্লাহ আগামী ১৪ মে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নতুন তারিখ দেন। দুপুর সাড়ে ১২টায় নাজমুল হুদা ও সালাউদ্দিন আহম্মেদকে আদালতে হাজির করা হয়।
মামলা নিয়ে নাজমুল হুদার সঙ্গে আলাপ আলোচনা না করতে পারার কারণ দেখিয়ে তার আইনজীবীরা সময় চান। অন্যদিকে সালাউদ্দিনের আইনজীবীরা মামলাটির প্রয়োজনীয় কাগজপত্র এবং সইমুহুরি নকল পাননি বলে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন।
