২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ওপর ‘চাপ প্রয়োগের’ বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের রায় দুপুর দুইটায়

খালেদা জিয়াকে ‘অঘোষিতভাবে গৃহবন্দি রাখা, তার বাড়ির টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং বিদেশ যেতে তার ওপর চাপ প্রয়োগের’ বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

দুপুর দুইটায় এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি শেষ হয়। বৃহস্পতিবার এ আবেদন করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার।

শুনানিতে ওয়াদুদ খন্দকার বলেন, সরকার কোনো নাগরিকের চলাচলে বাধা দিতে পারে না। আদালত এ পর্যায়ে জানতে চান, তাকে কে বাধা দিচ্ছে। সেনানিবাস এলাকায় থাকলে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। এসময় ওয়াদুদ বলেন, সাদা পোষাকের লোক খালেদার চলাচলে বাধা দিচ্ছে।

এ পর্যায়ে আদালত জানতে চান, সেনানিবাস এলাকায় নিয়ন্ত্রণের জন্য তাদের নিজস্ব ব্যবস্থা আছে, এখানে অন্যরা বাধা দেয় কীভাবে? আদালত আরো জানতে চান, আবদুল ওয়াদুদ খন্দকারের আছে কিনা? “আপনি কি তার আত্মীয়? তার সঙ্গে কি দেখা করতে গিয়েছিলেন?”

জবাবে ওয়াদুদ বলেন, অনেকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি খালেদার সঙ্গে কথা বলতে পারেননি। একই বিষয়ে হাইকোর্টে আরও একটি মামলা বিচারাধীন থাকায় এ মামলাটি চলতে পারে কিনা জানতে চান আদালত। অতিরিক্ত এটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ বলেন, একই বিষয়ে দুইটি মামলা চলতে পারে না।

খালেদা জিয়ার চলাচলে সরকার বাধা দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন অতিরিক্ত এটর্নি জেনারেল। আর একটি মামলায় আমরা লিখিতভাবে একথা জানিয়েছি। এরপর খালেদা জিয়া তার ভাইয়ের বাসায় গিয়েছেন।

সোমবার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের উল্লেখ করে দুই আইনজীবীকে খালেদার সঙ্গে কেন দেখা করতে দেওয়া হয়নি আদালত জানতে চাইলে অতিরিক্ত এটর্নি জেনারেল বলেন, এ ব্যাপারে সুস্পষ্টভাবে তার কিছু জানা নেই। এসময় তিনি নিজে কথা বলার জন্য ওয়াদুদ খন্দকারের কাছ থেকে খালেদার টেলিফোন নম্বর চান।

বৃহস্পতিবার দায়ের করা রিট আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে অঘোষিতভাবে গৃহবন্দি রাখা হয়েছে, যা বেআইনি। এতে আরো অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে মানসিক চাপ প্রয়োগ করার জন্য তার টেলিফোন ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সনকে যে পদ্ধতির মাধ্যমে একটি অনির্ধারিত জায়গায় তার বড় ছেলের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে তা শুধু বেআইনীই নয়, ভদ্রতা বিবর্জিত। তাকে বিদেশ যেতে সম্মত করার জন্য তার ছোট ছেলে আরাফাত রহমানকে আটক করার ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

কোন নাগরিককে এভাবে নির্বাসনে পাঠাতে চাপ করা যায় না। স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, টেলিযোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের ডিজি ও এমপি কমিশনারের বিরুদ্ধে এই রিট মামলা করা হয়েছে।

এর আগে মুক্তিযোদ্ধা দলের নেতা বাবুল চৌধুরী একই ধরনের হাইকোর্টে একটি রিট করেন।

এই আবেদনটির চূড়ান্ত শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে আবেদন জানানো হবে বলে আবেদনকারী বিএনপি নেতা বাবুল চৌধুরীর কৌসুলী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা সাংবাদিকদের জানান।