দেশের পথে হাসিনা
“তাকে প্রাণচঞ্চল দেখাচ্ছে। অনেক দিন পর দেশের মাটিতে, মানুষের কাছে যাত্রা করার আনন্দের আভা তার চোখেমুখে।” তিনি কি দেশে ফিরে গ্রেপ্তারের ভয় পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তর, “একটুকুও নয়।” ঢাকার পথে লন্ডন ছাড়ার আগে শেখ হাসিনার মুখাবয়ব দেখে সফরসঙ্গী আবদুস সোবহান গোলাপ টেলিফোনে বললেন এসব কথা।
তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা এবং হত্যাকান্ডের অভিযোগের মুখে দীর্ঘ ৫১ দিন বিদেশ সফর শেষে রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় লন্ডন থেকে রওয়ানা হন শেখ হাসিনা। সোমবার বিকেলে হাসিনাকে বহনকারী বিমানটির ঢাকায় অবতরণ করার কথা।
ফেরার আগে সহাস্য থাকলেও এই পরিস্থিতিতে দেশে ফিরে তার রাজনৈতিক ভাগ্য কী হতে পারে তা পরিষ্কার নয়। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ইতিমধ্যেই দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সরকারের পক্ষ থেকে রোববার পর্যন্ত হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কিছুই বলা হয়নি।
লন্ডন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি প্রশান্ত বড়ুয়া জানাচ্ছেন, আমেরিকা ও যুক্তরাজ্যে অবস্থানের পর বাংলাদেশ সময় রাত ২টায় হাসিনাকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের বিমানটি হিথ্রো বিমান বন্দর ত্যাগ করে।
এ সময় কয়েকশ’ প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতা-কর্মী বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে বহনকারী বিমানের যাত্রী বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক সদস্য এমএ রহীম বাংলাদেশ সময় রাত দুইটার পর বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, হাসিনা বিমানেই রয়েছেন এবং বিমানটি রানওয়েতে চলতে শুরু করেছে।
এর আগে লন্ডন থেকে হাসিনার সফরসঙ্গী আব্দুস সোবহান গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, রাত ২টা ২০ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী দেশের উদ্দেশে রওনা দেবেন।
রোববার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহ্মুদ স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় জানানো হয়, শেখ হাসিনা সোমবার ইত্তেহাদ এয়ারওয়েজের ফ্লাইট নং ইওয়াই ২৫৪ যোগে ব্রিটেন থেকে ঢাকায় আসবেন।
গত ১৫ মার্চ আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার আগে হাসিনা বলে গিয়েছিলেন, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকারের সকল কর্মকান্ডের বৈধতা দেবে। পরবর্তীতে গত ৭ এপ্রিল আমেরিকায় অবস্থানকালেই নির্বাচন অনুষ্ঠানে দেড় বছরের বেশী সময় লাগবে বলে নির্বাচন কমিশনের ঘোষণার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হাসিনা।
এরপরই গত ৯ এপ্রিল হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। দু’দিন পর গত বছর ২৮ অক্টোবর পল্টন ময়দানে শিবির কর্মী হত্যা মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে।
এঘটনায় ক্ষুব্ধ হাসিনা গত ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকারের ‘অনুরোধে’ তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বনির্ধারিত তারিখেই ফেরার সিদ্ধান্ত নেন।
পরে সরকার প্রেসনোট জারি করে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ২২ এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রী লন্ডন হয়ে দেশে ফিরতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। পরে অবশ্য বাংলাদেশ সরকার প্রেসনোট প্রত্যাহার করে নিলেও গত ১৯ এপ্রিল থেকে শেখ হাসিনা ব্রিটেনেই ছিলেন।
শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন, “তারা (সরকার) আমাকে গ্রেপ্তার করতে পারে, মেরে ফেলতে পারে। কিন্তু এ ব্যাপারে আমি মাথা ঘামাচ্ছি না। আমাকে দেশে ফিরতেই হবে।”
সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
এদিকে, শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। তবে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
রোববার দুপুরে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা আওয়ামী লীগ সভানেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে আশা করি এ নিয়ে তাকে সমস্যায় পড়তে হবে না। প্রয়োজনে দেশের মানুষ তাকে নিরাপত্তা দেবে।”
শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলেও মনে করিয়ে দেন তিনি। জলিল বলেন, সোমবার বিকাল সাড়ে চারটায় শেখ হাসিনা দেশে ফিরছেন।
বিমানবন্দরে কারা তাকে স্বাগত জানাতে যাবেন এ প্রশ্নের জবাবে জলিল বলেন, সরকারের কাছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর একশ সদস্যের তালিকা পাঠানো হয়েছে। এদের মধ্যে যারা অনুমতি পাবেন তারাই দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন।
ঢাকা ও এর আশপাশের জেলা থেকে দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে যেতে চাইলেও তাদের নিষেধ করা হয়েছে বলে জানান আব্দুল জলিল। পরে সময় ও সুযোগ মতো শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হতে পারে বলেও তিনি জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “দেশে ফেরার পর শেখ হাসিনাকে আইনগত জটিলতার পড়তে হবে বলে মনে করছি না। তিনি ফিরলেই দলে সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তাকে বাইরে রেখে কোনো সংস্কার হবে না।”
অপর এক প্রশ্নের জবাবে জলিল বলেন,“উনি বিমানবন্দর থেকে সোজা সুধা সদনে যাবেন।”
বিমানবন্দরে দলীয় সভানেত্রীকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে কতজন স্বাগত জানাতে যাবেন এনিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের সঙ্গে আওয়ামী লীগের দেন দরবার চলছে বলে জানা গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে একশ জনের কথা বলা হলেও নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন, যত জনের জন্য অনুমতি চাওয়া হয়েছে তার এক দশমাংশকে বিমান বন্দরে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।
এদিকে কয়েকদিন আগেই তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জানিয়েছিলেন, দেশে ফিরলে হাসিনাকে আইনি লড়াইয়ে নামতে হবে। তবে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে ব্যাপারে উপদেষ্টা কিছু বলেননি।
২২ শে জানুয়ারির নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১১ই জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরে অবশ্য ওই নির্বাচন বাতিল করা হয়। জরুরি অবস্থা জারির পর বাংলাদেশে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।
