শিবির করতে বাধ্য করায় ঢাবিতে দুই ছাত্র হল থেকে বহিস্কৃত, আরো তিনজন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ইসলামী ছাত্র শিবিরে যোগ দিতে বাধ্য করায় অভিযুক্ত দুই শিবির কর্মীকে জহুরুল হক হল থেকে বহিস্কার করা হয়েছে। এঘটনায় পুলিশ বহিস্কৃৃত দুইজনসহ পাঁচ শিবির কর্মীকে আটক করেছে।
জহুরুল হক হল প্রাধ্যক্ষ জাহিদুর রহমান রোববার রাত পৌনে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তিনি ইতিহাসের প্রথম বর্ষের ছাত্র আবরারের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত শিবির কর্মী দুই ছাত্র তোফাজ্জল হোসেন এবং শিকদার মজিদকে হল থেকে বহিস্কার করেছেন। পুলিশ তল্লাশি চালিয়ে বহিস্কার করা দুইজন ছাড়াও আরো তিনজনকে আটক করেছে।
প্রাধ্যক্ষ আরো জানান, ঘটনা তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আটক অন্য তিন ছাত্রের নাম আব্দুল কুদ্দুস, মেহেদী ও জুবায়ের।
রাত ১২টায় একদল শিক্ষার্থী এ ঘটনার উপযুক্ত শাস্তি এবং শিবির কর্মীদের গ্রেপ্তারের দাবিতে হলে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের কারণে শিবিরের প্রকাশ্য তৎপরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ নব্বইয়ের দশক থেকে। জরুরি অবস্থায় সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় অপরাপর ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড নেই। কয়েকদিন আগে মুহসীন হলের শিক্ষার্থীরা নিয়ম ভেঙ্গে শিবির কর্মীদের সিট বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আন্দোলন করেন।
আরবার সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি থাকার জায়গা নিয়ে সমস্যায় ছিলেন। নানাভাবে হলে থাকার আশ্রয় খুঁজছিলেন। এরমধ্যে তার পরিচয় হয় ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র ও শিবির কর্মী শিকদার মুজিবের। মুজিব তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য জহুরুল হক হল শাখা শিবিরের সভাপতি তোফাজ্জল হোসেনের কাছে নিয়ে যায়।
তোফাজ্জল থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য ১১ এপ্রিল আবরারকে কাটাবনের ২৬৬ নম্বর বাড়িতে শিবির কর্মীদের মেসে নিয়ে যান। সেখানে আবরারকে থাকার ব্যবস্থা করে দেন। কয়েকদিন থাকার পর তাকে শিবিরের কর্মকাণ্ডে যোগ দিতে বাধ্য করেন শিবির কর্মীরা। আবরার তাদের সঙ্গে সংগঠনের কাজে অংশ নিলেও তিনি শিবিরকে আদর্শিক ও মানসিকভাবে মেনে নিতে পারেননি বলে সাংবাদিকদের কাছে দাবি করেন। তাই এক পর্যায়ে শনিবার তিনি শিবিরের নিয়মিত কার্যক্রম হিসেবে শপথ পাঠ করতে অস্বীকৃতি জানান। শিবিরের সঙ্গে জড়িত হবেন না এ বিষয়টিও স্পষ্ট জানিয়ে দেয়।
শিবির করতে অস্বীকৃতি জানানোর কারণে শিবির কর্মীরা আবরারকে মারধর করে মেস থেকে বের করে দেন। আবরার এ বিষয়ে রোববার বিকেলে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়। শিবির করতে বাধ্য করা এবং মারধরের বিষয়টি এসময় জহুরুল হক হলের শিক্ষার্থীদের অনেকে জানতে পারেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা একজোট হয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানান দুই শিবির কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
