২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন

রূপগঞ্জ উপজেলার জোবেদা স্পিনিং মিলে রোববার বিকালে আগুন লাগে। পরে দমকল বাহিনীর হাজীগঞ্জ ও ডেমরা শাখার চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 10:59 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কারখানা কর্র্তৃপক্ষ দাবি করেছে, ষড়যন্ত্রমূলকভাবে লাগানো এ আগুনে পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে।

কারখানার নির্বাহী পরিচালক মীর আবদুল আলীম জানান, বেলা ৩টার দিকে সন্দেহভাজন কয়েক ব্যক্তি এসে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম ভূইয়াকে খুঁজে যায়। তারা যাওয়ার পরপরই উইভিং সেকশনে আগুন লাগে। কারখানার নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চললেও তা ব্যর্থ হয় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুন নেভাতে গিয়ে পাঁচ জন আহত হন বলে আবদুল আলীম জানান।

তিনি জানান, আগুনে কারখানার ১২ লাখ গজ কাপড়, ২০০ যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ তুলা পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি ৪০ লাখ টাকা।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আগুন সম্পর্কে কারখানার মালিক পক্ষের অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।

মংলায় ৪ দোকান পুড়ে ছাই

মংলার কলেজ রোড এলাকায় শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর এর বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন। এতে আহত হন আট জন।

মংলা থানার উপ-পরিদর্শক শশাঙ্ক জানান, কলেজ রোড এলাকার একটি মুদি দোকানের প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি মুদি এবং একটি সাইকেলের যন্ত্রপাতির দোকান ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তা, সরকারিভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা না হলেও ক্ষতিগ্রস্তরা বলছেন, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।