চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্লোজড
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকিরকে ক্লোজ করা হয়েছে।
স্পর্শকাতর মামলায় তদন্ত ছাড়াই এক পক্ষের আসামীদের গ্রেপ্তার করার কারণে তাকে ক্লোজ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বীকার করেছেন, জাকির হোসেন ফকিরকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তবে কী কারণে তাকে ক্লোজ করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
সূত্র জানায়, গত ৯ এপ্রিল জাকির হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ভোলা-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমকে প্রধান আসামী করে ৩১ জনের বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি মামলা করেন। মামলায় রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান মিন্টুর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়।
ওই মামলার দ্বিতীয় আসামী বিএনপি নেতা সালাউদ্দিন বাদী হয়ে ৪ মে হাসান মিন্টুকে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে পাল্টা একটি মামলা করেন।
চরফ্যাশন থানা পুলিশ তদন্ত ছাড়াই পরে দায়ের হওয়া মামলার আসামী জসিমউদ্দিন, আবদুল গনি, নুরে আলমসহ চার জনকে গ্রেপ্তার করে।
এ কারণেই জাকির হোসেনকে ক্লোজ করা হয় বলে সূত্র জানায়।
