চাঁদা নেওয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শককে প্রত্যাহার
গাছভর্তি একটি ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে জয়দেবপুর চৌরাস্তা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইফুল আমিন সাইফকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী গাছভর্তি একটি ট্রাক জয়দেবপুর চৌরাস্তায় থামিয়ে উপ পরিদর্শক সাইফুল চাঁদা দাবি করেন। ট্রাক চালক আট হাজার টাকা দেওয়ার পর সাইফুল আরও পাঁচ হাজার টাকা চান। ঘটনাটি ট্রাক চালক তার পরিচিত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মোবাইল ফোনে জানায়। ওই কর্মকর্তা তার পরিচয় গোপন রেখে উপ-পরিদর্শকের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি তার কাছেও ঘুষ দাবি করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাটি তাৎক্ষণিকভাবে গাজীপুরের পুলিশ সুপার মো. আলমগীর আলমকে ঘটনাটি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে প্রত্যাহার করেন।
পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাইফুলকে কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
