২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপপ্রবাহ বইছে, গরম আরও বাড়বে

দেশের কয়েকটি জেলার ওপর মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমেরন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী, বগুড়া, খুলনা ও যশোরের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এটা মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে। ফলে আগামী দুই একদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। কালবৈশাখীর কারণে কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও স্বাভাবিক বৃষ্টির পরিমাণ গত দুই মাসে ছিল কম। এপ্রিলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ কম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। বিদ্যমান তাপপ্রবাহ ফরিদপুর, ঢাকা ও কুমিল্লাসহ খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে বিস্তৃত হতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। বুধবার দিনে তাপমাত্র দুই এক ডিগ্রি বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।