আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত ইটিভির সম্প্রচারে বাধা না দেওয়ার নির্দেশ
বেসরকারি টেলিভিশন ইটিভির তরঙ্গ বরাদ্দ স্থগিতের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সম্প্রচারে বাধা না দেওয়ার জন্য টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (বিটিআরসি)কে নির্দেশ দিযেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বৃহস্পতিবার একুশে টিভির দায়ের করা আবেদনের পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
ওই দিন একই সঙ্গে একুশে টিভিকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেওয়ার হাইকোর্ট আদেশ বাতিলের জন্য সরকারের অন্য একটি আবেদনের শুনানি হবে।
২০০২ সালের ২৯ আগস্ট আপিল বিভাগের রায়ে ইটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০০৫ সালের ১১ এপ্রিল সরকার ইটিভিকে পুনরায় সম্প্রচারের অনুমতি দেয়।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৭ মার্চ ইটিভিকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার জন্য বিটিআরসিকে নির্দেশ দেয়। ২৯ মার্চ বিটিআরসি একুশে টিভিকে তরঙ্গ বরাদ্দ দেয়।
গত ২৯ মার্চ বিটিআরসি তরঙ্গ ও বেতার যন্ত্রের পাওনা বাবদ ইটিভির কাছে ৩০ কোটি ৯ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ২২ এপ্রিল বিটিআরসি একুশে টিভির অনুকূলে বরাদ্দ দেওয়া তরঙ্গ স্থগিত করে।
এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের দায়ের করা রিটটি পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ। তাকে সহায়তা করেন হাফিজুল আলম ও মোজাম্মেল হোসেন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিষ্টার অনীক আর হক।
