২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দু’ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে চার জন আহত হয়েছেন। শনিবার সকালের ওই সংঘর্ষে ভাংচুর হয় বেশ কয়েকটি ঘর।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 03:53 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এলাকার একটি সূত্র জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার দুর্গম চর এলাকার দিলারপুর গ্রামের সফর আলীর ভাইয়ের ছেলে ছাত্তারের কাছে নজরপুর গ্রামের সোহাগ (২৫), ফারুক (২৪) ও রমজান (২৪) কাঁচা আম খাওয়ার জন্য লবণ চায়। তা দিতে দেরি হওয়ায় তারা ছাত্তারকে দেখে নেওয়ার হুমকি দেয়। ওই সময় ছাত্তারের প্রতিবেশী আলী মাহমুদ (২০) প্রতিবাদ জানালে তাকে বেদম মারপিট করে সোহাগ ও তার সহযোগীরা। পরে আলী মাহমুদের স্বজনরা রাতে নজরপুর গ্রামে গিয়ে সোহাগ ও তার সহযোগীদের অভিভাবকের কাছে বিচার দাবি করে।

ওই সময় অভিভাবকরা বিচারের আশ্বাস দিলেও পরদিন সকালে একদল যুবক লাঠি–সোঁটা, টেটা–বল্লম নিয়ে দিলারপুর গ্রামের শফর আলীর বাড়িতে হামলা চালালে উভয় গ্রামবাসীর সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন দিলারপুরের সফর আলী (৫০), আলী মাহমুদ (২০), কাজল (৩২), জাহেরা বেগম (৪০)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সফর আলীর বাড়িসহ চারটি বাড়ি ও একটি দোকান ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।