কারখানা-দুর্ঘটনায় ৭০০ শ্রমিক মারা গেছে গতবছর
২০০৬ সালে দেশের বিভিন্ন শিল্প কারখানায় ৭০০ শ্রমিক দুর্ঘটনায় মারা গেছে। আহত হয়েছেন ৪ হাজার ২শ’ ৩৮ জন। এ তথ্য জানিয়েছে ‘বাংলাদেশ অক্যুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি)’।
২৮ এপ্রিল ‘বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস’ উপলক্ষে ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে শুক্রবার সংবাদ সম্মেলন করে। এতে দেশের শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা বিষয়ে একটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অনিরাপদ কর্মস্থলের কারণে প্রতিদিন দেশে গড়ে দুই জন শ্রমিক দুর্ঘটনায় মারা যায়। পঙ্গুত্বের শিকার হন ১২ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় গার্মেন্টস শিল্পে। এরপর নির্মাণ শিল্প, জাহাজ ভাঙ্গা শিল্প ও চাল কলগুলোয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে শ্রম আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ২০০৬ সালে শ্রম আইন প্রবর্তন করা হলেও তা প্রয়োগের জন্য বিধিমালা প্রণয়ন করা হয়নি। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কাউন্সিল গঠনের কথা থাকলেও তা করা হয়নি।
শ্রম আইনের কঠোর বাস্তবায়ন, সরকারি উদ্যোগে পেশাগত নিরাপত্তা দিবস পালন, পেশাগত দুর্ঘটনায় নিহতদের জন্য ৫ লাখ এবং স্থায়ী পঙ্গুত্বের জন্য জন্য ১০ লাখ টাকা ও কার্যকর শ্রম পরিদর্শন নিশ্চিত করার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।
সাভারের স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনায় আহত মো. নুরে আলম সম্মেলনে অভিযোগ করেন, ওই দুর্ঘটনার পর সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও তা পাওয়া যায়নি। মালিক পক্ষও কোনও ক্ষতিপূরণ দেয়নি।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওশির ভাইস চেয়ারম্যান এস এম মোর্শেদ। বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক আমিনুর রশিদ রিপন, শ্রমিক নেতা এ জেড এম কামরুল আনাম ও নির্মাণ শ্রমিক আবদুস সাত্তার।
‘বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস’ বাংলাদেশে সরকারিভাবে পালন করা হয় না। তবে বিভিন্ন শ্রমিক সংগঠন ও এনজিও গত কয়েক বছর ধরে দিবসটি নিজ উদ্যোগে পালন করছে।
